অনলাইন সংবাদকর্মীদের সুরক্ষায় নীতিমালা বাস্তবায়ন করতে হবে: পলাশ মাহমুদ
Bangladesh Journalism law polash Mahmud![]() |
বাংলাদেশে অনলাইন মাল্টিমিডিয়া খাতের দ্রুত বিস্তার ঘটলেও এই সেক্টরে কর্মরত কর্মীদের জন্য এখনও কোনো সুনির্দিষ্ট সরকারি নীতিমালা বা ওয়েজ বোর্ড গঠিত হয়নি। এই পরিস্থিতিতে অনলাইন সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দ্রুত নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ।
সোমবার (১১ মে) সন্ধ্যায় অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন দাবি জানান।
পলাশ মাহমুদ বলেন, বাংলাদেশে অনলাইন মাল্টিমিডিয়া নিবন্ধনের প্রক্রিয়া থাকলেও নিবন্ধিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো নীতিমালা তৈরি করা হয়নি। যেভাবে সংবাদপত্রের জন্য ওয়েজ বোর্ড নীতিমালা আছে, অনলাইনের কর্মীদের জন্যও তেমন নীতিমালা থাকা প্রয়োজন। এই নীতিমালা প্রণয়ন অনলাইন সংবাদকর্মীদের একটি প্রাণের দাবি।
অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার যদি এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়, তবে কর্মীদের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ সরকারকে সব ধরনের কারিগরি ও নীতিগত সহায়তা দিতে প্রস্তুত আছে। অনলাইন সংবাদকর্মীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হলে এই খাতের পেশাদারত্ব আরও বাড়বে।
বক্তব্যের শেষে তিনি এশিয়া পোস্টের সাফল্য কামনা করেন এবং অনলাইন মাল্টিমিডিয়ার এই অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

Post a Comment